রামপুরায় গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগ, গৃহকর্তা গ্রেপ্তার
রাজধানীর রামপুরায় গত রোববার রাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক গৃহকর্মী (১৬)। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহকর্তা কায়েস আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। রামপুরা থানা সূত্র জানায়, ওই গৃহকর্মী ছয় মাস আগে রামপুরার ১৫ ডিআইটি রোডের গ্রীন টাওয়ারের ই/৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা ব্যবসায়ী কায়েসের বাসায় কাজ নেয়। কিছুদিন না যেতেই বিভিন্ন অজুহাতে গৃহকর্তা কায়েস ওই গৃহকর্মীর ওপর নির্যাতন চালান। রামপুরা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গৃহকর্মী পুলিশকে জানিয়েছে, কাজে ভুল হয়েছে এবং কাজ করতে দেরি হয়েছে—এমন অজুহাতে গৃহকর্ত্রী ইয়াসমিন আক্তার ও তাঁর মা জাহানারা বেগমের ইন্ধনে কায়েস তাকে প্রায়ই চড়-থাপড় মারতেন। এমনকি তার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করতেন।এসআই জানান, রোববার রাতে গৃহকর্মীর মুখের ওপর কিল-ঘুষি মেরে গৃহকর্তা তার কয়েকটি দাঁত ভেঙে দিয়েছেন এবং ডান পা মাড়িয়েছেন। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গৃহকর্মীকে উদ্ধার এবং কায়েসকে আটক করে। তবে গৃহকর্ত্রী ইয়াসমিন পালিয়ে গেছেন। এ ঘটনায় গৃহকর্মীর মা বাদী হয়ে গৃহকর্তা, গৃহকর্ত্রী ইয়াসমিন ও গৃহকর্ত্রীর মা জাহানারাকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ওই মামলায় কায়েসকে গ্রেপ্তার দেখায়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বিলকিস বানু প্রথম আলোকে বলেন, মরিচ ভেঙে গৃহকর্তা নির্যাতিত গৃহকর্মীর গোপনাঙ্গে দিয়েছেন। নির্যাতনে তার একটি পা ভেঙে গেছে। তার অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালের অর্থোপেডিক ও দন্ত বিভাগে পাঠানো হবে।