রামপুরায় গৃহবধূ খুন ছুরিসহ স্বামী গ্রেপ্তার
রাজধানীর রামপুরায় নিজ বাড়িতে গতকাল রোববার সকালে ছুরিকাঘাতে খুন হয়েছেন গৃহবধূ আজিমুননাহার ইভা (৩৮)। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রক্তমাখা ছুরিসহ তাঁর স্বামী সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে।রামপুরা থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, আজিমুননাহার সপরিবারে রামপুরা বনশ্রীর ডি-ব্লকের ৪ নম্বর সড়কের ২৬ নম্বর বাড়িতে থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে ছুরি এনে স্বামীর ওপর হামলা চালাতে উদ্যত হন। সেলিম রেজা ছুরি কেড়ে নিয়ে স্ত্রীর পেটে আঘাত করেন। এতে আজিমুননাহার ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার, রক্তমাখা ছুরিসহ সেলিম রেজাকে গ্রেপ্তার করে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজিমুন-সেলিম দম্পতির দুই ছেলে আছে।পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর সেলিম রেজা ১৯৯৯ সালে সপরিবারে দেশে ফেরেন। পরে তিনি বনশ্রীতে জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন।রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, পারিবারিক কলহের জের ধরে আজিমুননাহারকে খুন করেছেন তাঁর স্বামী।