রামপুরায় গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ
রাজধানীর পূর্ব রামপুরায় গ্যাসের বিস্ফোরণে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার ভোররাতে পূর্ব রামপুরার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন সজীব (২৬) ও রাকিব (২২)। রাকিব শিক্ষার্থী। আর সজীব দরজির দোকানে কাজ করেন।
রাকিবের ছোট ভাই পরিচয় দেওয়া মামুনের ভাষ্য, চারতলা একটি বাড়ির নিচতলায় থাকেন সজীব ও রাকিব। ভোররাত সাড়ে তিনটার দিকে রান্নাঘরে যান রাকিব। দেশলাই দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি দগ্ধ হন। আগুন ছড়িয়ে পড়ায় সজীবও দগ্ধ হন। পরে বাড়ির অন্য ফ্ল্যাটের লোকজন এসে দুজনকে উদ্ধার করেন।
ভোররাত সাড়ে চারটার দিকে দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন সজীব। রাকিব এখনো চিকিৎসাধীন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, রাকিবের গলা, ঘাড়, পিঠসহ শরীরের ২৫ শতাংশ এবং সজীবের ১০ শতাংশ পুড়ে গেছে। রাকিবের অবস্থা আশঙ্কাজনক।