রামপুরায় চাঁদার জন্য ৩০টি দোকান ভাঙচুর, মারধর
রাজধানীর রামপুরার উলন বাজার এলাকায় সন্ত্রাসীরা চাঁদার জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তত ৩০টি দোকানে ভাঙচুর করেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাঁদের কয়েকজনকে মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ৫০ জনের বেশি সন্ত্রাসী হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে উলন রোড ও বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা দোকানের ওপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা অন্তত ৩০টি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উলন রোডের দন্ত চিকিৎসক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে স্থানীয় ও বহিরাগত উভয়েই ছিল। তারা প্রত্যেক ব্যবসায়ীর কাছে বিভিন্ন অঙ্কের চাঁদা চায়। ব্যবসায়ীরা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর চেম্বারসহ অনেক দোকানপাটে ভাঙচুর চালায়। মাছ ব্যবসায়ী এরশাদ আলী জানান, চাঁদার জন্য সন্ত্রাসীরা তাঁকেসহ কয়েকজন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে টাকাও লুটে নিয়েছে।যোগাযোগ করা হলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের এ ব্যাপারে মামলা করতে বলা হয়েছে।