রামপুরায় টিনশেড ঘর দেবে গিয়ে নিহত ৮

রাজধানীর রামপুরা থানার হাজীপাড়া এলাকায় আজ বুধবার একটি টিনশেড ঘর দেবে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। মতিঝিল জোনের সহকারী উপকমিশনার ফরিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন নিজাম উদ্দিন (৪৫), মিজানুর রহমান (৩০), হারুনুর রশীদ (৫৫), মাহিদুল ইসলাম (১৪), কল্পনা (৪৫), রোকসানা (২২), সাজেদা (১৯)। একজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে খিলগাঁও চৌধুরীপাড়ায় মাটির মসজিদ ঝিলপাড় বেগের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুই তলা টিনশেড ঘরটির নিচতলা পানির মধ্যে দেবে যায়।

দুটি ক্রেন দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপপরিচালক এ বি এম নুরুল হক জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের সার্ভিসের ছয়টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে। কয়েকজন ডুবুরি নামানো হয়েছে। এ ছাড়া স্থানীয় লোকজন উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার জানান, প্রাথমিকভাবে আটজনের নিহত হওয়ার খবর পেয়েছেন তিনি।