রামপুরায় তরুণীকে ধর্ষণের আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় এক তরুণীকে ধর্ষণ মামলার আসামি আরমানকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন আজ মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আরমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, আরমানসহ কয়েকজন গত বছরের ৪ ডিসেম্বর রামপুরার একটি বাসায় এক তরুণীকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। ঘটনার পর দুই লাখ টাকা না দিলে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে তারা তরুণীকে হুমকি দেয়। পরদিন (৫ ডিসেম্বর) বাদী হয়ে ওই তরুণী আরমান ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রামপুরা থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আরমানকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ওই ভিডিও সংবলিত মেমোরি কার্ড জব্দ করা হয়। এ অবস্থায় অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পর ধর্ষণের শিকার ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে জবানবন্দি দেন।

এই মামলায় মিলন ও আবুল বাশার নামে সন্দেহভাজন অন্য দুই আসামি কারাগারে রয়েছেন।