রামপুরায় দেয়ালধসে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরায় গতকাল রোববার ঝড়ে একটি নির্মাণাধীন ভবনের দেয়ালধসে কারিশমা নামে চার বছরের এক শিশু মারা গেছে। তার বাবার নাম শামীম হাওলাদার। পিরোজপুরের জিয়ানগরে তাদের বাড়ি।
কারিশমার দাদা মিজানুর রহমান বলেন, রামপুরার বন্ধু নিবাস এলাকার একটি টিনশেডের বাসায় তাঁরা থাকেন। বাসার পাশে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। সন্ধ্যায় ঝড়ের সময় ভবনটির একটি দেয়াল তাঁদের টিনশেডের বাসার চালে ধসে পড়ে। এতে চাল ভেদ করে ইটের আঘাতে কারিশমা আহত হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক কারিশমাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।