রামপুরায় নিজ বাড়ির সামনে এক ব্যক্তি গুলিতে নিহত
রাজধানীর রামপুরায় নিজ বাড়ির সামনে শহীদুল্লাহ (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার রাতে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শহীদুল্লাহ সপরিবারে ৩৮০/১৭ পূর্ব রামপুরার কুঞ্জবনে পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে শহীদুল্লাহ নিজ বাড়ির সামনে পায়চারি করছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গলায় ও বুকে গুলি লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহত শহীদুল্লাহর ছেলে প্রিয় ও ভায়রা শাহজাহান সাংবাদিকদের হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি। তাঁরা জানান, রামপুরা এলাকায় শহীদুল্লাহর দুটি বাড়ি রয়েছে। এ ছাড়া তিনি শেয়ার ব্যবসা করতেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।