রামপুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গতকাল মঙ্গলবার ভোরে রুবেল হাসান ওরফে হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, হাসান পেশাদার ছিনতাইকারী। বন্দুকযুদ্ধের সময় সহযোগীদের ছোড়া গুলিতে তিনি নিহত হন।এদিকে বিএনপি দাবি করেছে, হাসান রামপুরা থানার ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।‘বন্দুকযুদ্ধের’ বর্ণনা দিয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস মিয়া বলেন, রামপুরার হাজীপাড়ার অ্যাপেক্স গলিতে ছিনতাইকারীদের অবস্থানের খবর পেয়ে ভোর চারটার দিকে পুলিশ সেখানে যায়। পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা ককটেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছোড়ে। কিছুক্ষণ পর ছিনতাইকারীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় হাসানকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে দুটি ককটেল ও একটি ছোরা উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে কনস্টেবল শাহীনুর আহত হন। তাঁকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।পুলিশের দাবি, ছিনতাইকারীরা দুটি দলে ভাগ হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় হাসান সহযোগীদের গুলিতেই নিহত হন। তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ হাসানকে সকাল ছয়টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসানের মা হোসনে আরা বেগম বলেন, উত্তরখানের কাচপুরা বাজার এলাকায় তাঁরা থাকেন। গত সোমবার বেলা ১১টার দিকে হাসান তাঁর চাচা চান মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাসায় ফেরেননি। গতকাল সকালে অজ্ঞাতপরিচয় একজন ফোন করে হাসানের মৃত্যুর খবর জানান। হাসানের বাবা গাড়িচালক আবুল মনসুর জানান, তাঁর ছেলে আগে মুদি ও চা-দোকানে কাজ করতেন। পরে তিনি বেকার ছিলেন। এর আগে ছিনতাইয়ের মামলায় হাসান জেল খেটেছিলেন।হাসানকে যুবদলের নেতা দাবি বিএনপির: এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, হাসান রামপুরা থানার ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল ভোরে তাঁকে বাসা থেকে গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই ‘ক্রসফায়ারে’ হত্যা করে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ফেলে রাখে পুলিশ। এরই মধ্যে এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তাঁকে ছিনতাইকারী অপবাদ দিয়ে বানোয়াট অভিযোগ সাজানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা এই নৃশংস হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। পাশাপাশি দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’জানতে চাইলে রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, চিহ্নিত ছিনতাইকারীকে কেউ জোর করে দলের লোক বানালে তো কিছু করার নেই। ফেব্রুয়ারি মাসেও হাসানকে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন আগে জামিনে বেরিয়ে তিনি আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। তাঁর অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।