রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম দাউদ মঈনউদ্দিন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মঈনউদ্দিন রামপুরার বনশ্রী দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন-চারজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে চারটি গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তাঁর পিঠে লাগে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মঈনউদ্দিন এবার সিদ্ধেশ্বরীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন।হাসপাতালে চিকিত্সাধীন মঈনউদ্দিন জানান, কারা কী কারণে তাঁকে গুলি করেছে তা তিনি বলতে পারেন না। তবে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, হামলাকারীরা পূর্ব পরিচিত। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।