রামপুরায় সফদার ডাক্তার!

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাবিজ্ঞানে পড়াশোনা করেননি। তবুও তিনি চিকিত্সক। নাম আব্দুল কাইয়ুম। ফার্মেসি খুলে দিব্যি রাজধানী ঢাকার রামপুরায় রোগী দেখার কাজ করছিলেন দুই বছর ধরে।
তবে আজ সোমবার দুপুরে হাতেনাতে কাইয়ুমকে গ্রেপ্তার করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভুয়া চিকিত্সা করানোর দায়ে তাঁকে এ সময় এক লাখ টাকা জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা।

বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা এলাকার ৩৩৪/৩, উলন রোডে হিরোসাকি ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে না গেলেও সনদ ঠিকই সাজিয়ে রেখেছিলেন আব্দুুল কাইয়ুম। তাঁর ফার্মেসিতে থাকা সনদে লেখা ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি’, যেখান থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেছেন কাইয়ুম। প্রিমিয়ার ইউনিভার্সিটির হাসপাতাল থেকে এক বছরের ইন্টার্নির সনদও দেখান তিনি। পরে কাইয়ুম আদালতের কাছে স্বীকার করেন, বিশ্ববিদ্যালয় থেকে লক্ষাধিক টাকার বিনিময়ে চিকিত্সার সনদ কিনেছেন তিনি। আর বাণিজ্য বিভাগ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করে করেছেন।
র্যাব-৩-এর মেজর কামরান কবির উদ্দিন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি স্বপন কুমার তপাদার জানান, প্রিমিয়ার ইউনিভার্সিটির কোনো অনুমোদন নেই। পত্রিকায় এ ব্যাপারে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল।
অবশ্য সনদ যেমনই হোক না কেন, আব্দুুল কাইয়ুম একেকজন রোগীর কাছ থেকে নিতেন ৩০০ টাকা। অন্য চিকিত্সকদের ব্যবস্থাপত্র মুখস্থ করে রোগীদের ওষুধ দিতেন কাইয়ুম। দুই বছর ধরে রামপুরায় এ কাজ করছিলেন তিনি। এর আগে ইউনানি চিকিত্সাও করেছিলেন কাইয়ুম।
আব্দুল কাইয়ুমকে সহযোগিতার অভিযোগে হিরোসাকি ফার্মেসির মালিক মোখলেছুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে জানান, কাইয়ুমের মতো শতাধিক ব্যক্তি ভুয়া চিকিত্সার কাজ করছেন। এঁরা নিজেরাই ভুয়া কাউন্সিল গঠন করে নিজেদের রেজিস্ট্রেশন প্রদান করে ঝুঁকিপূর্ণভাবে চিকিত্সা করছিলেন। কিছুদিন আগে চট্টগ্রাম থেকে এ ধরনের আটজনকে দণ্ড দেওয়া হয়েছিল।