রামপুরায় স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর রামপুরা এলাকার ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম শাফিয়া আনজুম (১৭)। সে রামপুরার আবদুর রাজ্জাক স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মো. আলাউদ্দিন। তিন বোনের মধ্যে শাফিয়া সবার ছোট।
আজ বুধবার দুপুরে রামপুরার বনশ্রী এলাকার ১৮৩/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ছয়তলা ওই ভবনের পঞ্চম তলায় শাফিয়ার পরিবার ভাড়া থাকত।
শাফিয়ার পরিবার ও পুলিশ বলছে, সম্পর্কের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।
শাফিয়ার বোন তাফিয়া আফরিনের ভাষ্য, এলাকার একটি ছেলের সঙ্গে তাঁর বোনের সম্পর্ক ছিল। ঘটনার কিছু সময় আগে ওই ছেলেটি শাফিয়াকে ফোন করে। কথা বলার একপর্যায়ে ছেলেটির সঙ্গে তাঁর বোনের মনোমালিন্য হয়। পরে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে শাফিয়া।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সোয়া দুইটার দিকে চিকিৎসকেরা শাফিয়াকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সুমেন বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রেমে প্রত্যাখ্যান হয়ে শাফিয়া আত্মহত্যা করে থাকতে পারে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।