রামপুরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরায় সড়ক দুর্ঘটনায় মেজবাউল করিম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়।
হাসপাতালে নিহত ব্যক্তির স্বজনেরা জানিয়েছেন, তিনি একটি বায়িং হাউজের মালিক। ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। সবুজবাগের কদমতলায় বাড়ি নির্মাণ করছিলেন। রোববার তিনি বাড়ির নির্মাণকাজ তদারকি করতে কদমতলায় গিয়েছিলেন। সেখান থেকে রাতে মোটরসাইকেলে ফার্মগেটের বাসায় ফিরছিলেন। আবুল হোটেলের সামনে এলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। চালক কাভার্ড ভ্যানটি তাঁর ওপর তুলে দেন। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপপরিদর্শক সায়েক আহম্মদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-উ ১১-০৩৪৮) আটক করেছে। তবে চালক পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।