রামপুরা সেতু থেকে একটু হেঁটে পশ্চিম দিকে গেলে ঝকঝকে রাস্তা যে কারও নজর কাড়বে। তবে সেতু থেকে নেমে দক্ষিণে মালিবাগের পথে যাঁরা যাবেন, তাঁরা দেখবেন বিপরীত চিত্র। খানাখন্দে ভরা সড়ক কাদাপানিতে একাকার। সড়কের পাশে খোঁড়াখুঁড়ির চিহ্ন। রাস্তায় পড়ে আছে নির্মাণসামগ্রী।
গতকাল মঙ্গলবার দেখা যায়, রামপুরা টেলিভিশন ভবনের সামনে থেকে রামপুরা বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত। সেই সড়ক দিয়ে গাড়ি চলছে হেলেদুলে।
এই পথে চলাচলকারী কয়েকটি বাসের চালক বলেন, এই সড়ক দিয়ে চলার সময় তাঁরা প্রাণপণ চেষ্টা করেন অন্য বাসের সঙ্গে ধাক্কা খাওয়া ঠেকাতে। আর বাসের যাত্রীরা শক্ত করে আসন আঁকড়ে থাকেন পড়ে যাওয়া থেকে বাঁচতে।
স্থানীয় লোকজন বলেন, রামপুরা সেতু থেকে ইউলুপের নিচ দিয়ে মালিবাগে যাওয়ার মূল সড়কে তৈরি হওয়া অসংখ্য গর্তের কারণে গাড়ি চলে ধীরগতিতে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়, তখন কোথায় গর্ত সেটা বোঝা যায় না। তখন চালকদের খুবই সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। গর্তে ভরা সড়কে কোনো কোনো জায়গায় গিয়ে ডানে-বাঁয়ে কাত হয়ে যায় গাড়িগুলো।

গতকাল দেখা যায়, টেলিভিশন ভবনের সামনে রাস্তার পূর্ব পাশে একই সঙ্গে চলছে ফুটপাত ও পানি নিষ্কাশনের নালা তৈরির কাজ। উত্তর থেকে দক্ষিণের পুরো রাস্তা ও ফুটপাতজুড়ে নালা খোলা অবস্থায় আছে। রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে মাটি, বালু, ইট, ফুটপাতের রেলিং, সিমেন্টের ভাঙা পাইপ। এ অবস্থায় সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের।
গতকাল গর্তে জমে থাকা পানি, কাদা আর ইট ছড়ানো রাস্তা দিয়ে যাচ্ছিলেন কানিজ ফাতেমা নামের এক নারী। তিনি বলেন, ‘এটা কোনো রাস্তা হলো! এই রাস্তায় মানুষ চলতে পারে?’ কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, ‘কত দিন ধরে যে এই রাস্তার কাজ চলছে, এই কাজ যেন শেষ হবার নয়! এই রাস্তা দিয়ে নিরুপায় হয়ে চলতে হয়।’
কাকরাইলে যেতে টেলিভিশন ভবনের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ইমরুল কায়েস ও সাইফুল ইসলাম। ইমরুল বলেন, রাস্তায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় গাড়িগুলো ধীরে চলে। সড়কে যানজট দেখিয়ে তিনি বললেন, যত দূর দেখা যায় সব গাড়ি থেমে আছে। কাকরাইল পর্যন্ত যেতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়।
টেলিভিশন ভবন ও রামপুরা বাজারের মাঝামাঝি জায়গায় একটি ব্যক্তিগত গাড়ির চালকের ওপর ক্ষুব্ধ দেখা গেল কয়েকজন পথচারীকে। কাছে গিয়ে জানা গেল, গর্তের ওপর দিয়ে গাড়ি যাওয়ার সময় পথচারীদের গায়ে পানি ছিটকে পড়েছে। এ জন্য গাড়ির চালকের ওপর ক্ষুব্ধ পথচারীরা।
ওই জায়গা থেকে একটু সামনে গিয়ে দেখা গেল, খুব সতর্কভাবে সিমেন্টের পাইপের ওপর দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বললেন, বৃষ্টি হলেই এই রাস্তায় জল-কাদা জমে থাকে। পানি থেকে বাঁচতে তিনি পাইপের ওপর দাঁড়িয়েছেন। খালি বাস পেলে পাইপ থেকে নেমে উঠে পড়বেন।
পথচারী সাজেদা ইসলাম বলেন, ‘রাস্তার বাম দিকের খোঁড়া শেষ হওয়ার পর শুরু হয়েছে ডান দিকে রাস্তা কাটা। এভাবে এক একবার এক এক দিক দিয়ে রাস্তা খুঁড়তে থাকলে মানুষ হাঁটবে কোন পথ দিয়ে?’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা কাজ শুরু করেছেন, তাঁদের যেন কোনো তাড়া নেই। কোনো এক সময় শেষ হলেই হলো! এ কারণে মানুষের চলাচলে দুর্ভোগেরও যেন শেষ নেই।
টেলিভিশন ভবনের সামনের সড়ক বিভাজকের ভাঙা অংশে ইট ভাঙতে দেখা যায় রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তিকে। তিনি বলেন, গর্তের মধ্যে দেওয়ার জন্য ইট ভাঙছেন তিনি। ঈদের আগে রামপুরা বাজারের ভাঙা জায়গাগুলোতে খোয়া দেওয়া হয়েছে। এখন টেলিভিশন ভবনের সামনের ভাঙা রাস্তায় খোয়া দেওয়া হবে।
রিয়াজ উদ্দিন আরও বলেন, এই রাস্তায় বড় বড় গাড়ি চলাচল করে, তাই রাস্তা খারাপ হয়ে যায়। এ ছাড়া বৃষ্টির কারণে খোয়া সরে যায়। এ জন্য বারবার খোয়া দিতে হয়।
এই সড়কের পাশে ফুটপাত ও নালা তৈরির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানকোহিনূর এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির উপঠিকাদার আবুল মিয়া বলেন, বছরের শুরুতে স্যুয়ারেজের লাইনের কাজের জন্য রাস্তা কাটা হয়েছে। এখন ফুটপাতের কাজ চলছে। এরপর ওয়াসার কাজও শুরু হবে। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত রাস্তার অবস্থা এমনই থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী খন্দকার মহবুব আলম বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে রামপুরার এই সড়কে বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। পয়োনালা তৈরির কাজ মার্চে শেষ হয়েছে। ওয়াসার পাইপ বসানো শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তায় পিচের আস্তরণ দেওয়া যাবে না। নির্ধারিত সময়ের (ডিসেম্বর) মধ্যেই সব কাজ শেষে সড়কে পিচের আস্তরণ দেওয়া হবে।