রামমালা গ্রন্থাগারের প্রতিবাদ
গত ২৮ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ‘পাণ্ডুলিপি পাচারের অভিযোগ, রামমালা গ্রন্থাগার সিলগালা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা নগরের রামমালা গ্রন্থাগার কর্তৃপক্ষ৷
প্রধান গ্রন্থাগারিক বিমলেন্দ্র নারায়ণ মজুমদারের পাঠানো এক প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘স্ক্যানিং করার নামে পাণ্ডুলিপি নষ্ট করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত৷ কারণ, আমাদের জানামতে গবেষক দল তাদের সংরক্ষণ বা ডিজিটালাইজড করার জন্য কোনো ধরনের স্ক্যানিং মেশিন ব্যবহার করেনি এবং কোনো পাণ্ডুলিপি নষ্ট তো করেইনি, তার বদলে প্রায় ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত পাণ্ডুলিিপ সংরক্ষণের ব্যবস্থা করেছে৷’
‘গবেষকদল ট্রাস্টের অনুমোদনক্রমে গ্রন্থাগারের সহ-গ্রন্থাগারিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পাণ্ডুলিপির ইনভেন্টরি তৈরি ও সংরক্ষণের কাজ করে৷’
প্রতিবাদে বলা হয়েছে, আসলে গবেষক দল অপরিসীম পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে রামমালা গ্রন্থাগারের হস্তলিখিত পাণ্ডুলিপির ইনভেন্টরি তৈরির পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গ্রন্থাগারেই পাণ্ডুলিপি সংরক্ষণের কাজ সম্পন্ন করেছে৷