কক্সবাজারের রামু, টেকনাফ ও উখিয়া এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। রামু ও টেকনাফ উপজেলায় জারি করা ১৪৪ ধারা গতকাল মঙ্গলবারও বহাল ছিল। উখিয়া উপজেলায় ১৪৪ ধারা শিথিল করা হয়েছে।এদিকে বৌদ্ধ ও হিন্দুমন্দির, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় উখিয়ায় ১০ জন, টেকনাফে আটজন ও পটিয়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল উখিয়া ও পটিয়ায় সুধী সমাজের সঙ্গে মতবিনিময় করেছে স্থানীয় প্রশাসন।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: উখিয়া (কক্সবাজার): বিকেল সাড়ে পাঁচটার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন বলেন, গত ৩০ সেপ্টেম্বর রাত একটা থেকে উখিয়ার বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়-অধ্যুষিত গ্রাম ও ধর্মীয় প্রতিষ্ঠান অবস্থিত এলাকাসহ বিভিন্ন স্টেশনে জারি করা ১৪৪ ধারা শিথিল করা হয়েছে। এই শিথিলতা গতকাল সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত বহাল থাকবে।ইমাম ও আলেম সমাজের পক্ষ থেকে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওসমান সভায় বলেন, ‘রামুতে ফেসবুকে পবিত্র কোরআন অবমাননাকর যে ছবিকে কেন্দ্র করে উখিয়ায় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি।’মৌলভী কবির আহমদ বলেন, ‘একজনের দোষ অন্যের ওপর চাপানো ইসলামের নীতিবহির্ভূত। সংখ্যালঘু লোকজনকে হেফাজতে রাখা মুসলিম সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।’উখিয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা কারি কামাল আহমেদ বলেন, উখিয়ার সমস্ত ইমাম সমাজের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী শুক্রবার জুমার খুতবায় মুসলমানদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হবে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, হামলার ঘটনায় জড়িতদের সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এ ঘটনা নিয়ে অনেকে রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। ওসি বলেন, হামলার ঘটনায় করা একটি মামলায় গতকাল ১০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় ৪১ জনকে গ্রেপ্তার করা হলো।উখিয়ার ইউএনও মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী, ১৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর মেফতাহ, ৩ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সদস্যসচিব অশোক বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ভাইস চেয়ারম্যান পি আর বড়ুয়া, ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দীপক বড়ুয়া প্রমুখ।টেকনাফ: টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জুয়াড়িখোলা এলাকায় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় সোমবার রাতে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে টেকনাফ থানায় করা দুটি মামলায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হলো।এদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে ৩০ কেজি করে চাল ও দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে। গতকাল রাত আটটার দিকে এই চাল ও টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম।পটিয়া: রোববার পটিয়ার কোলাগাঁও এলাকায় দুটি বৌদ্ধবিহার ও একটি দুর্গামন্দিরে হামলার ঘটনায় সোমবার রাতে ১২ জনকে আটক করে পুলিশ। পরে সেখান থেকে যাচাই-বাছাই করে গতকাল সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। এ নিয়ে তিনটি হামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩২ জনে।এদিকে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী গতকাল ক্ষতিগ্রস্ত দুটি বিহার ও একটি মন্দিরে এক লাখ টাকা করে তিন লাখ টাকা এবং একটি পারিবারিক মন্দিরে ২৫ হাজার টাকা অনুদান দেন। গতকাল সকালে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতাদের মধ্যে মতবিনিময় সভা হয়। সেখানে সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বাইরে থেকে একটি মৌলবাদী গোষ্ঠী ওয়েস্টার্ন মেরিনের শ্রমিকদের বের করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সিসি ক্যামেরার সাহায্যে অপরাধীদের খুঁজে বের করার সুযোগ দেওয়ায় বর্তমানে কিছু শ্রমিকনেতা এই প্রতিষ্ঠানকে হুমকি দিচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। ওয়েস্টার্ন মেরিন আমাদের দেশের সম্পদ। তাদের প্রতি প্রশাসনকে নজর রাখতে হবে।’পটিয়ার ইউএনও রোকেয়া পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ মিয়া, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, পটিয়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ ভট্টাচার্য, পটিয়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘ প্রিয় থের প্রমুখ।