রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-সংকটে কক্সবাজারের ৩১ শয্যার রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সেবা না পেয়ে প্রতিদিন রোগীরা ফিরে যাচ্ছে। এই হাসপাতালে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা তদবির করে অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) এম এস আশরাফুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন। দ্রুত সেখানে দু-তিনজন চিকিৎসক নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৫ জানুয়ারি হাসপাতালের এই অচলাবস্থার কথা জানিয়ে এবং জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দিতে জেলা সিভিল সার্জন বরাবরে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে রোগী আসে পাঁচ শতাধিক। এই রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে একমাত্র চিকিৎসক এ হোসাইনকে। তিনি জরুরি বিভাগে সেবা দিতে গেলে বহির্বিভাগের রোগী দেখা বন্ধ থাকে। তখন রোগীরা ফিরে যায়। এ হোসাইন জানান, রামু উপজেলার ১১টি ইউনিয়নের সাড়ে তিন লাখ মানুষের পাশাপাশি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আরও আড়াই লাখ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। অথচ চিকিৎসকের অভাবে রোগীরা তেমন সেবা পাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক সেবিকা বলেন, ৩১ শয্যার এই হাসপাতালে আগে প্রতিদিন ৮০-৯০ জন রোগী ভর্তি থাকত, আর এখন থাকে মাত্র ২০ থেকে ২৫ জন। সেবা দেওয়া সম্ভব হয় না বলে চিকিৎসকেরা রোগী ভর্তি করছেন না। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ুব উল্লাহ চৌধুরী জানান, ম্যালেরিয়া ও নিউমোনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির দুর্গম এলাকার নারী-শিশুরা চিকিৎসার জন্য সরকারি এই হাসপাতালে ছুটে যায়। কিন্তু চিকিৎসক না থাকায় রোগীরা ফিরে আসছে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশু মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। আর উৎকোচ দিয়ে এই হাসপাতালের চিকিৎসকেরা অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। সিভিল সার্জনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই হাসপাতালে পদায়ন করা দুজন চিকিৎসা কর্মকর্তার মধ্যে একজনকে স্বাস্থ্য অধিদপ্তরে এবং অন্যজনকে কক্সবাজার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে সংযুক্তিতে বদলি করা হয়েছে। জুনিয়র কনসালট্যান্টের চারটি পদের মধ্যে তিনটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও সহকারী ডেন্টাল সার্জনও নেই। তা ছাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুমোদিত ১১টি পদের মধ্যে সাতটিই শূন্য। বর্তমানে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন একজন মাত্র চিকিৎসক। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, রামু হাসপাতালের চিকিৎসক-সংকট নিরসনে ঊর্ধ্বতন মহলে আলোচনা চলছে।