রামু ও পটিয়ার বৌদ্ধ জনপদে হামলার প্রতিবাদে মানববন্ধন
রামু ও পটিয়ায় যে ধর্মীয় স্থাপনাগুলো পোড়ানো হয়েছে, এগুলো কেবল স্থাপনাই নয়, শত বছরের পুরোনো ঐতিহাসিক প্রত্নসম্পদও। সেগুলো যারা পুড়িয়ে দিতে পারে, তারা ধর্মের শত্রু ও সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী উগ্র মৌলবাদ গোষ্ঠী। এসব উগ্রপন্থী সাম্প্রদায়িক সম্প্রীতিতে যখনই আঘাত করবে, সব ধরনের লোকজনকে সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দাঁড়াতে হবে। সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রামু, পটিয়াসহ বিভিন্ন জনপদের বৌদ্ধবিহার, মন্দির ও বসতিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেছেন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের সাংস্কৃতিককর্মী এবং আরও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, সাংবাদিক এজাজ ইউসূফী, সাংস্কৃতিককর্মী কামরুল হাসান, নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিরিন আক্তারসহ চট্টগ্রামে সর্বস্তরের সামাজিক ও সাংস্কৃতিক নেতারা। প্রতিবাদ সমবেশে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘শান্তি ও নিরপেক্ষভাবে আমরা রাষ্ট্র-সরকার যেভাবে চালাতে চাই সেভাবে চলছে না। একের এক পর এক সাম্প্রদায়িক সংঘাত চলছে। সব ধর্মেই শান্তির কথা বলে। কিন্তু ধর্মকে পুঁজি করে যখন অশান্তি সৃষ্টি করা হয়, তখন অন্য কোনো পরিকল্পনা আছে বলে ধরে নিতে হবে। তাই যত রকমের সংকট আসবে তা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।’ওয়ার্কার্স পার্টির নেতা নাসির উদ্দিন বলেন, রামু ও পটিয়ার ন্যক্কারজনক ঘটনার ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। পুলিশের উচিত ছিল ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যে মুহূর্তে মিছিল বের করছে, ঠিক সেই মুহূর্তে তাদের থামানো, কিন্তু তা করা হয়নি। ফলে মন্দির ও বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া একটি দেশের জানমাল রক্ষার্থে পুলিশের গোয়েন্দা বিভাগের ভূমিকাটাই বা কী? সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং এ ধরনের সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ, বাংলাদেশ মাইনরিটিজ পার্টি (বামাপা), ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চা, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, তেল গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি, গণসংহতি আন্দোলন, প্রমা আবৃত্তি সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণীর নেতা-কর্মী ও সাধারণ জনগণ।