রামু-কক্সবাজার সড়কে মিনিবাস ধর্মঘট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু-কক্সবাজার সড়কে গত রোববার থেকে অনির্দিষ্টকালের মিনিবাস ধর্মঘট চলছে। শ্রমিক কল্যাণ তহবিলের নামে মিনিবাসপ্রতি চাঁদা আদায়ের অভিযোগে রামু আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।রামু আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জানান, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে গত ১০ নভেম্বর থেকে রামু-কক্সবাজার সড়কে চলাচলকারী প্রতি মিনিবাস (কোস্টার, কক্সলাইন, রামুলাইন) থেকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে ২০ টাকা চাঁদা আদায় করছে কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। তিনি জানান, চাঁদা আদায়ের প্রতিবাদ জানালে গত শনিবার রুবেল বড়ুয়া নামের তাঁদের এক চালককে মারধর করা হয়। এ সময় তিনি (জালাল) এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাঁকেও নাজেহাল করা হয়। প্রতিবাদে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়।জালাল উদ্দিন অভিযোগ করেন, রামু আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থাকা সত্ত্বেও কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সেখানে সম্পূর্ণ অবৈধভাবে চাঁদাবাজি করছে। এর সুষ্ঠু প্রতিকার না হলে তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, কক্সবাজার-টেকনাফ সড়কসহ আশপাশের সব সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেবেন।কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল জব্বার জানান, চাঁদাবাজি নয়, শ্রমিকদের কল্যাণে এ চাঁদা নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী বাসপ্রতি ৩০ টাকা নেওয়ার বিধান থাকলেও এখন ২০ টাকা করে নেওয়া হচ্ছে। এই অর্থ মৃত্যুভাতা, চিকিৎসা-ভাতাসহ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।তবে আবদুল জব্বার শ্রমিকদের মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, রামু আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একসময় অনুমোদন থাকলেও এখন নেই।রামু-কক্সবাজার সড়কে চলাচলকারী যাত্রীরা জানান, রামু থেকে ১০ কিলোমিটারের পথ কক্সবাজার যেতে এখন তাঁদের দুবার গাড়ি পাল্টাতে হয়। এ ছাড়া ধর্মঘটের কারণে তাঁদের বাধ্য হয়ে সিএনজি অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে। এতে অর্থ ও সময়ের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরা।