কক্সবাজারের রামু উপজেলার রামু ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে ছাত্রলীগ ক্যাম্পাসে প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করছে। এর প্রতিবাদে গতকাল বুধবার কলেজের শিক্ষকেরাও কাল ব্যাজ ধারণ করেন।শিক্ষকেরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অধিকতর জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দলীয় বিবেচনায় কলেজের প্রভাষক ও এক বিএনপির নেতাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে পরিচালনা কমিটি। কলেজ সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুলাইয়ে কলেজের তৎকালীন অধ্যক্ষ শারমিনা আফরোজের মৃত্যুর পর কলেজের সহকারী অধ্যাপক নিজামুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। পরে কলেজ পরিচালনা পর্ষদ গত ৩০ জানুয়ারি এক সভার আহ্বান করে। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক অধ্যক্ষ পদে আবেদন করায় এ সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল হককে দায়িত্ব দেওয়া হয়। এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ আসনের বিএনপিরদলীয় সাংসদ লুৎফুর রহমান। পরিচালনা কমিটির এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শিক্ষকেরা কাল ব্যাজ ধারণ করেন এবং শ্রেণীকক্ষে গেলেও পাঠদান থেকে বিরত থাকেন। এ ঘটনায় গত সোম ও মঙ্গলবার রামু কলেজ ছাত্রলীগ পৃথক প্রতিবাদ সভা করেছে। কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাহউদ্দিন।মো. সালাহউদ্দিন জানান, নিয়ম লঙ্ঘন করে উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক আবদুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত ছাত্রলীগের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তাহের অভিযোগ করেন, প্রজ্ঞাপন অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব উপাধ্যক্ষকে অথবা উপাধ্যক্ষ কর্মরত না থাকলে কলেজের জ্যেষ্ঠতম শিক্ষককে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। পরিচালনা কমিটি নিয়ম-বহির্ভূতভাবে কলেজের প্রভাষক আবদুল হককে দায়িত্ব দিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক জানান, জ্যেষ্ঠ শিক্ষকেরা বেশির ভাগ অধ্যক্ষ পদে আবেদন করায়, নিয়োগের স্বচ্ছতার জন্য পরিচালনা পর্ষদ কলেজের অন্যতম জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে তাঁকে দায়িত্ব দিয়েছে। কলেজের সার্বিক দিক বিবেচনা করে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।স্থানীয় সাংসদ লুৎফুর রহমান দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।