রামু থানার সেই ওসিকে বদলি
কক্সবাজারের রামু থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়াকে কুতুবদিয়া থানায় বদলি করা হয়েছে। গত রোববার নতুন ওসি মো. নজিবুল ইসলাম রামু থানায় যোগ দিয়েছেন।সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা রামু থানায় নতুন ওসির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গিয়াস উদ্দিন মিয়ার বদলির লিখিত আদেশ তাঁর কাছে পৌঁছায়নি।ওসির বদলির খবরে উপজেলার চৌমুহনী স্টেশন, উপজেলা পরিষদগেট, তেমুহনী, অফিসের চর, তেচ্ছিপুলসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করেন।গত ২৩ এপ্রিল স্থানীয় পত্রিকা দৈনিক হিমছড়িতে ‘রামু থানা পুলিশের ঘুষবাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও হয়রানির শিকার বিচারপ্রার্থীরা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এর জের ধরে পরদিন পত্রিকাটির রামু প্রতিনিধি ওবাইদুল হক নোমানকে থানায় নিয়ে ওসি গিয়াস উদ্দিন মিয়া মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে ওবাইদুল হককে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওসি গিয়াস উদ্দিন মিয়া বিভিন্ন লোককে দিয়ে ওবাইদুল হকের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৬ এপ্রিল প্রথম আলোয় ‘সাংবাদিককে থানায় মেরে জেলে পাঠানোর অভিযোগ’ শিরোনামে সংবাদ ছাপা হয়।মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসি গিয়াস উদ্দিন মিয়ার অপসারণের দাবিতে ২৫ এপ্রিল থেকে রামুসহ পুরো জেলার সাংবাদিকেরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি পেশসহ নানা কর্মসূচি পালন করেন।রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া বলেন, গিয়াস উদ্দিন মিয়া রামু থানায় যোগ দেওয়ার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রতিদিন কোথাও না কোথাও খুন, চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ওসি নিজেকে মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীর এলাকার লোক পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়ান। তিনি বলেন, ওসির বদলিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।