রামু থেকে নদীপথে কাঠ পাচার, ৫০ ট্রাক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষায় বাঁকখালী নদীতে পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের রামু উপজেলায় নদীপথে কাঠ পাচার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ নদীপথে এনে রামুর বিভিন্ন স্থানে মজুদ করা হয় এবং সুবিধাজনক সময়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে কাঠগুলো পাচার করা হয়। বন বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এ অপকর্ম চলে আসছে বলে জানা গেছে।ফকিরা বাজার ও চেরাংঘাটা এলাকা থেকে গত বৃহস্পতিবার প্রায় ৫০ ট্রাক অবৈধ কাঠ উদ্ধার করা হয়। এর মধ্যে সেগুন, গামারি, আকাশমনি, গর্জন, তেলসুর, কড়ই, গোদা, গুটগুটিয়া, জামসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। কয়েকজন কাঠ ব্যবসায়ী জানান, চারদলীয় জোট সরকার ও এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বিচারে গাছ কাটার কারণে রামু এলাকার বনে এখন পরিপক্ব গাছ নেই। বিভিন্ন সময়ে রোপণ করা সামাজিক বনায়নের বড় গাছগুলোও প্রায় শেষ। তাই এখন বেশির ভাগ গাছ আসে বাঁকখালী নদীর ওপরে বান্দরবানের লামা উপজেলার পাইনছড়ি, সাপমারারঝিরি, কামিখালসহ বিভিন্ন এলাকা থেকে।কাঠ পাচারে নিয়োজিত কয়েকজন শ্রমিক জানান, বনজসম্পদ পাচার রোধে বান্দরবানের নাইক্ষংছড়ি রেঞ্জ কার্যালয়ের তুলাতলি ও চিকনছড়ি বিটের অধীনে বাঁকখালী নদীর কয়েকটি স্থানে পাহারা বসানো হয়েছে। এসব স্থানে পাহারায় নিয়োজিত বনকর্মীদের হাত করে কাঠ পাচার চলছে।তাঁরা জানান, প্রতিটি গাছ (রদ্দা ও লক) ছাড়ার জন্য বনকর্মীদের আকার অনুযায়ী ২০ থেকে ২০০ টাকা দিতে হয়। তাঁরা ছাড়ার পর গাছগুলো রামু এলাকায় ঢোকে। এরপর বাঁকখালী বিট পেরিয়ে রামুর চেরাংঘাটা, ফকিরা বাজার এলাকায় পৌঁছে। সেখানে কাঠগুলো স-মিল, ডিপো ও বিভিন্ন গুদামে পাচার এবং বিক্রির জন্য মজুদ করা হয়। বন বিভাগের নাইক্ষংছড়ি রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ কাঠ পাচারে বনকর্মীদের সরাসরি যোগসাজশের কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, রামুর ঘিলাতলী এলাকায় বাঁকখালী নদীর তীরে একটি সেট তৈরি করে তাঁরা (নাইক্ষ্যংছড়ি বন বিভাগ) পাহারা দেন। আবার নাপিতের চর এলাকায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) থাকে রাত ৯-১০টা পর্যন্ত। বনকর্মীদের সহযোগিতায় কাঠ পাচারের প্রশ্নই আসে না। তিনি বলেন, চোরেরা তো গৃহস্থের (মালিক) অবস্থা বুঝে চুরি করে, হয়তো রাতবিরাতে সুযোগ বুঝে প্রহরীদের অগোচরে গাছ পার করে নেয়। নাপিতের চর এলাকায় সার্বক্ষণিক বিডিআরের পাহারা বসানো হলে নদীপথে কাঠ পাচার একেবারে বন্ধ হয়ে যাবে। তিনি ওই স্থানে ২৪ ঘণ্টা বিডিআরের পাহারা বসানোর দাবি জানান। বাঁকখালী রেঞ্জ কার্যালয়ের এক কর্মচারী জানান, বর্তমান রেঞ্জ কর্মকর্তা আবদুল হক মোল্লা এ রেঞ্জে যোগদানের পর তাঁর কঠোর অবস্থানের কারণে পাচার অনেকটা বন্ধ হয়ে যায়। কিন্তু চলতি বর্ষা মৌসুমে বাঁকখালী নদীতে পানি বেড়ে যাওয়ার সুযোগে কয়েকজন কর্মচারী তাঁর অগোচরে কাঠ পাচারে সহযোগিতা করছে। বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল হক মোল্লা জানান, স্থানীয় বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি কাঠ পাচারের সঙ্গে জড়িত। কাঠ পাচারে বাধা দেওয়ায় পাচারকারীরা কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা করে কয়েকবার কাঠ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলাও করা হয়েছে। বাঁকখালী বিট কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া জানান, রামু উপজেলার কাউয়ারখোপ জোয়ারিয়ানালা, ফতেখাঁরকুল, গর্জনিয়া ও কচ্ছপিয়াসহ বিভিন্ন স্থানে চলতি আগস্ট মাসে পৃথক নয়টি অভিযান চালিয়ে পাচারের জন্য মজুদ করা বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় তিনটি স-মিল জব্দ করা হয়।