রামু থেকে লুট হওয়া মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ও ফেনী থেকে কষ্টি পাথরের তিনটি মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের কর্মকর্তারা বলছেন, এগুলো কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দির থেকে লুট হওয়া মূর্তি। এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. নুর আলম (৪০), মো. শাজাহান (৫২), মো. মুছা (৫৪), আনোয়ার হোসেন (৫০) ও রফিকুল ইসলাম (৫০)। গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব। তাঁদের মধ্যে রফিকুল ও আনোয়ারকে কুমিল্লা থেকে এবং অন্য তিনজনকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৭-এর এএসপি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এরপর গতকাল বুধবার চট্টগ্রাম নগরের পতেঙ্গায় র‌্যাব-৭-এর কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় বৌদ্ধপল্লিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।র‌্যাব-৭-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নাজমুল হক বলেন, গত মঙ্গলবার রাতে ফেনীর জামতলা এলাকা থেকে নুর আলম, শাজাহান ও মুছাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার চান্দিনা থানার নলুয়া এলাকা থেকে অপর দুজনকে আরেকটি মূর্তিসহ গ্রেপ্তার করা হয়।সূত্র জানায়, উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তির মধ্যে একটির উচ্চতা ৪৩ দশমিক ৫ সেন্টিমিটার এবং ওজন পাঁচ কেজি ৮৫০ গ্রাম। আরেকটির উচ্চতা ২৩ সেন্টিমিটার এবং ওজন দুই কেজি ৫০০ গ্রাম। অপর মূর্তিটির উচ্চতা ২২ সেন্টিমিটার এবং ওজন এক কেজি ৭৫০ গ্রাম।উদ্ধার হওয়া মূর্তিগুলো রামুর কি না এবং এ বিষয়ে কীভাবে নিশ্চিত হয়েছেন, জানতে চাইলে র‌্যাব-৭-এর উপ-অধিনায়ক নাজমুল হক বলেন, ‘রামু থেকে বুদ্ধমূর্তি চুরি হওয়ার পর থেকেই সেগুলো উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি। সেই সূত্রে তথ্যদাতার (সোর্স) কাছ থেকে জানতে পারি, রামুর কয়েকটি মূর্তি ফেনী ও কুমিল্লার একটি চক্রের হাতে আছে।’গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল সকালে পতেঙ্গায় র‌্যাবের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। রামুতে বুদ্ধমূর্তি উদ্ধার: নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, কক্সবাজারের রামু উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলপাড়ার একটি পুকুর থেকে গতকাল বুধবার বিকেলে আরও একটি বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়েছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। উদ্ধার করা বুদ্ধমূর্তিটির উচ্চতা ২৪ দশমিক ৫ সেন্টিমিটার এবং ওজন তিন কেজি ৪৫০ গ্রাম। র‌্যাব-৭-এর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সারওয়ার-ই-আলম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা মূর্তিটি গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধমন্দির থেকে লুট করেছিল দুর্বৃত্তরা।এর আগে র‌্যাব সদস্যরা রামু ও উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে চারটি বৌদ্ধমূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছিলেন।