কক্সবাজারের রামু থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যাতায়াতের ‘রামু-নাইক্ষ্যংছড়ি’ সড়ককে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ জন্য সড়কের দুই পাশে তালবীজ বপন শুরু করেছে।
১৯ অক্টোবর দুপুরে সড়কের নাইক্ষ্যংছড়ি উপজেলার পুরাতন স্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে তালবীজ বপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে লোকজনকে সচেতন করতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মো. ইমরান, নারীনেত্রী ওজিফা খাতুন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীন, খামারি রহিম উল্লাহ, কৃষক মোজাফ্ফর আহামদ, নুর মোহাম্মদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল কান্তি বড়ুয়া প্রমুখ।
কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, একটি তালগাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মাটির ভাঙন রোধ করে। বিশেষ করে তালগাছের শিকড় রাস্তার পাশের মাটি ধরে রাখে, যা বর্ষা বা বন্যার পানিতে সহজে ভাঙে না। তা ছাড়া তালগাছ এ অঞ্চলে বিলুপ্তপ্রায়। তাই বাবুই পাখিসহ নানা প্রজাতির পাখি বিলুপ্ত হচ্ছে। সড়কের পাশাপাশি ঘরে ঘরে তালগাছ সৃজন করা গেলে মানুষও আর্থিকভাবে লাভবান হবে। প্রতিটি তালগাছ থেকে বছরে ১০ থেকে ১২ হাজার টাকা আয় করা সম্ভব।
কৃষি কর্মকর্তারা জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের অন্তত ১২ কিলোমিটারে প্রায় দুই লাখ তালবীজ বপন করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বীজ রক্ষণাবেক্ষণ করবে। পাশাপাশি গরু–ছাগলের কবল থেকে বীজগুলো রক্ষার জন্য লোকজনকে সচেতন করা হবে। পুরো সড়কে তালগাছ সৃজিত হলে পাহাড় ও বাঁকখালীর নদীর পাশ দিয়ে চলে যাওয়া এ সড়কটি আরও আকর্ষণীয় হবে। তখন পর্যটকের আগমন বাড়বে।