রামু বৌদ্ধপল্লি পরিদর্শন করলেন সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে নির্মিত নতুন বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। গতকাল রোববার দুপুর ১২টায় তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার আসেন। এরপর সড়কপথে রামুতে গিয়ে প্রথমে উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ার বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে স্থাপিত ১০০ ফুট লম্বা সিংহশয্যা বুদ্ধমূর্তি পরিদর্শন করেন। এ সময় ভিক্ষু করুণাশ্রী মহাথের সেনাপ্রধানকে স্বাগত জানান।
করুণাশ্রী মহাথের বলেন, ‘গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে চার-পাঁচ শ জন লোক লাঠিসোঁটা নিয়ে এ বিহারে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এশিয়ার বৃহৎ এ সিংহশয্যা বৌদ্ধমূর্তি ধ্বংসের চেষ্টা চালায়। এরপর সেনাবাহিনী মূর্তি সংস্কারের পাশাপাশি কোটি টাকা ব্যয়ে নতুন দ্বিতলবিশিষ্ট বিহার নির্মাণ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ।’ এরপর সেনাপ্রধান রামুর শ্রীকুলের লাল চিং ও সাদা চিং বৌদ্ধবিহার, মৈত্রীবিহার, অপর্ণাচরণ বৌদ্ধবিহার ও কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। কেন্দ্রীয় সীমাবিহারে গেলে ভিক্ষু সত্যপ্রিয় মহাথের সেনাপ্রধানকে স্বাগত জানান এবং ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহারগুলোর নির্মাণকাজ দ্রুততম সময়ে শেষ করায় ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদ, মেজর জেনারেল হাবিবুর রহমান খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের পরিচালক ব্রিগেডিয়ার সামশ খান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম, কক্সবাজার ১৭ ইসিবি অধিনায়ক লে. কর্নেল জুলফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রমুখ। বিকেল সাড়ে তিনটার দিকে একই বিমানে সেনাপ্রধান ঢাকায় ফিরে যান।
১৭ ইসিবির অধিনায়ক লে. কর্নেল জুলফিকুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে সব বৌদ্ধবিহারের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন শুধু রঙের কাজ চলছে। আগামী আগস্ট মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু এসে নতুন বৌদ্ধবিহারের উদ্বোধন করতে পারেন।