রামু হাসপাতালে তিন ঘণ্টা চিকিত্সা কার্যক্রম ব্যাহত
কর্মচারীদের বিক্ষোভের মুখে গতকাল শনিবার কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিত্সা-কার্যক্রম সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে। রাতে জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় এক চিকিত্সা সহকারীকে পুলিশের মারধরের প্রতিবাদে গতকাল তাঁরা বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে গতকাল দুপুর বারোটার দিকে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, শুক্রবার রাত পৌনে চারটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত চার রোগীকে নিয়ে হাসপাতালে আসেন রামু থানার সহকারী উপপরিদর্শক মো. আইয়ুব উল্লাহ। তখন জরুরি বিভাগে চিকিত্সা সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন ফখরুল ইসলাম। এ সময় পুলিশ সদস্যদের কিছু ওষুধ এনে দিতে বললে আইয়ুব উল্লাহ উল্টো ফখরুলকে এনে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব উল্লাহ চিকিত্সা সহকারী ফখরুলের শার্টের কলার ধরে গাড়িতে ওঠান। এ সময় গাড়িচালক ও এক কনস্টেবল মিলে ফখরুলকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে কর্মচারীরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ দেখান। খবর পেয়ে সকালে হাসপাতালে আসেন ইউএনও শহীদ মো. ছাইদুল হক এবং থানার ওসি মো. শাহজাহান। এ সময় ইউএনও ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।