রামুতে অ্যামিউজমেন্ট ক্লাব তৈরির কাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে খাল, সরকারি জমি দখল করে এবং ২২০ একর কৃষিজমি ভরাট করে ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব ও ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের অতিরিক্ত জেলা হাকিমের আদালত এ আদেশ দেন।আদেশে রামুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দিতে এবং ওই স্থানে স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়।রামু থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া জানান, গত বুধবার আদালতের আদেশ থানায় পৌঁছেছে। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য গতকাল বৃহস্পতিবার নির্মাতা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপকে নোটিশ পাঠানো হয়েছে।জানা গেছে, গত ১৯ জানুয়ারি এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসাইন, নাসির উদ্দিন মোহাম্মদ মুহসিন, কলিমুল্লাহ ও মৌলভী নূরুল হক কক্সবাজারের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে মামলা করেন। মামলায় চেইন্দায় বসুন্ধরা গ্রুপের নির্মাণাধীন প্রকল্পের চেয়ারম্যান নাজিম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মো. ফেরদৌস, কবির আহমদ, মোক্তার আহমদ, শামসুল আলম, মুজিবুর রহমান, মো. হাসেম, মো. আমিন মেম্বার, আমির হামজা, সিরাজুল হক, ফয়জুল আলম, আবুল হোসাইনসহ আরও ২০-২৫ জনকে বিবাদী করা হয়।বাদীদের আরজিতে উল্লেখ করা হয়, ‘বসুন্ধরা গ্রুপ নামের একটি কোম্পানি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে প্রায় ২২০ একর জমির ওপর ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব ও ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করছে। এর মধ্যে স্থানীয় মসজিদ, সড়ক ও জনপথ বিভাগের জমি এবং সরকারি খালও রয়েছে। এক মাস ধরে দিনে ২০০ জন শ্রমিক মাটি ভরাট, মাটি কাটা এবং অবকাঠামো নির্মাণের কাজে নিয়োজিত। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২০টি গ্রামের ৩০ হাজার মানুষকে বর্ষায় পানিবন্দী থাকতে হবে এবং প্রায় ১০ হাজার একর ফসলি জমি পানির নিচে চলে যাবে। এ ছাড়া কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটবে। বসুন্ধরা গ্রুপ কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমির শ্রেণী পরিবর্তন এবং সরকারি জমি দখল করে এ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে।’সওজের জমি দখলের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, এসব জমি উদ্ধারে জেলা প্রশাসকের মাধ্যমে বসুন্ধরাকে চিঠি দেওয়া হবে। এর পরও দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কাজ বন্ধ রাখার জন্য বৃহস্পতিবার লিখিত নোটিশ দেওয়া হয়েছে। সরকারি জমি দখলের বিষয়ে ইউএনও বলেন, এ প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি এবং কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি।