রামুতে আইনশৃঙ্খলার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি চুরি, ডাকাতি, খুন ও অপহরণের মতো ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে উপজেলার মানুষ। একের পর এক নানা অপরাধ কর্মকাণ্ড ঘটতে থাকলেও পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।গত মঙ্গলবার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এসব অভিযোগ করেন।বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জোয়ারিয়ানালায় সৎ ভাইয়ের হাতে যুবলীগের নেতা ওসমান সরওয়ার, চা-বাগান এলাকায় ডাকাতের হাতে ব্যবসায়ী ফারুক, গর্জনিয়ায় সন্ত্রাসী হামলায় আমির হোসাইন, রশিদনগরে শ্বশুরবাড়িতে জামাই খুনের ঘটনা, দক্ষিণ মিঠাছড়িতে বনকর্মীদের গুলিতে কাঠচোর ও পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় পিকআপের শ্রমিক নিহত হওয়া, ফতেখাঁরকুলের হাইটুপি গ্রামে দিনদুপুরে পুলিশ কর্মকর্তা কর্তৃক গৃহবধূকে নির্মমভাবে মারধর, রাজারকুল নাসির বরকুয়া বেইলি সেতুর নিচে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় মুমূর্ষু যুবক উদ্ধার, রামু মরিচ্যা সড়কে দুই সপ্তাহের মধ্যে দুইবার ডাকাতিসহ গত কয়েক মাসে উপজেলায় শতাধিক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।এ ছাড়া দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে পাহাড় কাটা ও মাদকদ্রব্য বেচাকেনা চললেও পুলিশ প্রশাসন কোনো ব্যাপারেই ব্যবস্থা নিচ্ছে না। ফলে আইনশৃঙ্খলার দিন দিন অবনতি ঘটছেই। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান। সভায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম, হাইওয়ে পুলিশের পরিদর্শক সারওয়ার আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।কমিটির একজন সদস্য বলেন, চেরাংঘাটা, মেরংলোয়াসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা বন্ধে ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিটি সভায় সিদ্ধান্ত নেওয়া হলেও রহস্যজনক কারণে তার বাস্তবায়ন হয় না।প্রধান অতিথি বলেন, উপজেলায় একের পর এক চুরি, ডাকাতি, খুনসহ নানা অপরাধ কর্মকাণ্ড ঘটলেও পুলিশের তৎপরতা নেই। রহস্যজনকভাবে পুলিশের কর্মকাণ্ডে স্থবিরতা চলছে। ফলে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তাদের আরও তৎপর হওয়া দরকার। তবে রামু থানার ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এবং সম্প্রতি সংঘটিত প্রায় সব হত্যাকাণ্ডের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে অনেকের জবানবন্দিও নেওয়া হয়।আইনশৃঙ্খলার অবনতির কথা স্বীকার করে ইউএনও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।