রামুতে আগুনে নানি-নাতির মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কালুর দোকান এলাকায় গত শনিবার রাতে বসতঘরে আগুন লেগে নানি-নাতির মৃত্যু হয়েছে। তারা হলো, ফেরেজা বেগম (৭০) ও হেলাল উদ্দিন (৮)।এ ছাড়া আগুনে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। তাঁরা হলো, ফেরেজার ছেলে সুলতান আহমদ (৪৫), পুত্রবধূ জোহরা বেগম (৩৫), নাতনি পাখি বেগম (১৮), নাতি মনজুর আলম (১৫), শাহজাহান (১২) ও মিজান (৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সুলতানের অবস্থা গুরুতর।দগ্ধ সুলতান গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে জানান, তাঁর বাড়ি একই ইউনিয়নের থোয়াইংগ্যাকাটা এলাকায়। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে কালুর দোকান এলাকায় বসবাস করেন। কয়েক দিন আগে তাঁর মা তাঁদের কাছে বেড়াতে আসেন। তিনি শনিবার সন্ধ্যায় বসতঘরের দরজার পাশে খড়কুটো জ্বেলে নাতি-নাতনিদের নিয়ে আগুন পোহান। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বসতঘরে আগুন ধরে যায়। ঘরের বাঁশের বেড়া ও ছনের ছাউনিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী বাড়ির অন্যদের উদ্ধার করতে সক্ষম হলেও তাঁর মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুলতান ছিলেন দিনমজুর। স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে তাঁর সংসার। তাঁর সামান্য রোজগারে সংসার চলত। আগুনের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। আগুনে তাঁর শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। হাতে টাকা-পয়সা না থাকায় তিনি গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে যেতে পারেননি।এদিকে এলাকাবাসী চাঁদা তুলে কাফনের কাপড় কেনেন। পরে জানাজা শেষে গতকাল স্থানীয় কবরস্থানে নানি ও নাতির লাশ দাফন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুুল হক গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি কম্বল পাঠানো হয়েছে। এ ছাড়াও তাদের আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।