গত বুধবার থেকে টানা তিন দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁকখালী নদীতে পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের রামু উপজেলার বিস্তৃত এলাকা ডুবে গেছে। ফতেখাঁরকুল, চাকমারকুল ও রাজারকুল ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ আবার পানিবন্দী হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার থেকে আবার জোরে বর্ষণ এবং পাহাড়ি ঢল নেমে আসায় বাঁকখালী নদীর পানি বেড়ে যায়। এতে উপজেলার ফতেখাঁরকুল সদর ইউনিয়নের শ্রীকুল, খন্দকার পাড়া, উত্তর ফতেখাঁরকুল, তেচ্ছিপুল, সিকদার পাড়া, চাকমারকুলের মালিপাড়া, মিস্ত্রিপাড়া, আসকর পাড়া, রাজারকুলের চরপাড়া ও দ্বীপ শ্রীকুলসহ প্রায় এক হাজার পরিবারের ঘরবাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়। ফলে অন্তত ২০ হাজার মানুষ আবার পানিবন্দী হয়ে পড়ে। লম্বরি পাড়ার বাসিন্দা আবুল মন্জুর জানান, বন্যার পানিতে প্লাবিত হওয়ায় গতকাল শুক্রবার থেকে আবার তেচ্ছিপুল-লম্বরিপাড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল আলম জানান, চাকমারকুলের প্রায় ১০টি গ্রামসহ উপজেলার ২০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।