রামুতে ইটভাটার বন্দিদশা থেকে মুক্ত হলো ৩৩ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় একটি ইটভাটায় দেড় মাস ধরে বন্দী থাকা নয় শিশুসহ মোট ৩৩ জন শ্রমিককে উদ্ধার করেছে র্যাব। শ্রমিকেরা বলেছে, চাকমারকুল এলাকার বি.কে. ব্রিকস নামের ওই ভাটায় সারা দিন কাজ করানোর পর রাতে কর্তৃপক্ষের লোকজন তাদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখত। গত বুধবার রাতে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে মো. উকিল, শামীম, নুরুল ইসলাম, সজীব, মো. আরিফ, আবদুর রাজ্জাক, আল আমিন, নূর মোহাম্মদ, মোহাম্মদ আরিফুলসহ ১০ জনের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। ৩৩ জনের সবার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে জানান, রাত ১২টার দিকে র্যাব-৭-এর ক্যাপ্টেন শেখরের নেতৃত্বে একটি দল ভাটায় অভিযান চালায়। এ সময় ভাটার লোকজন পালিয়ে যায়। পরে তারা একটি কক্ষের তালা ভেঙে শ্রমিকদের উদ্ধার করে থানার হেফাজতে দেয়। গতকাল সকালে থানায় গেলে শ্রমিকেরা তাদের বন্দিদশার কথা জানায়। তারা বলে, মোহাম্মদ লেমু মিয়া নামের এক মাঝির (স্থানীয় ভাষায় শ্রমিক সরবরাহকারীদের মাঝি নামে ডাকা হয়) মাধ্যমে গত বছরের নভেম্বর মাসে তারা এ ইটভাটায় কাজ করতে আসে। তাদের ছয় মাসে (নভেম্বর থেকে মে) শ্রমিকভেদে চার থেকে ২০ হাজার টাকা মজুরি দেওয়ার কথা। লেমু মিয়া তাদের আগাম কিছু অর্থও দিয়েছিলেন। সম্প্রতি লেমু মিয়ার সঙ্গে ইটভাটার মালিক বি কে আজমের ঝগড়া হয়। এর জের ধরে মালিকের লোকজন লেমু মিয়াকে মারধর করলে তিনি শ্রমিকদের ইটভাটায় রেখে চলে যান। ভাটার লোকজন শ্রমিকদের খাটিয়ে ঠিকমতো খাবার না দেওয়ায় নয়জন শ্রমিক পালিয়ে যায়। দেড় মাস ধরে দিনের বেলায় কাজ করিয়ে রাতে সবাইকে তালাবদ্ধ করে রাখা হতে।ওসি জানান, শ্রমিকেরা বলেছে, তারা নিরাপদে বাড়ি ফিরতে চায়। তারা ভাটার মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে রাজি না হওয়ায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ইটভাটার মালিক বি কে আজম গতকাল মুঠোফোনে জানান, মাঝি লেমু মিয়া ৬০ লাখ ইট তৈরি করে দেওয়ার কথা বলে শ্রমিকের মজুরি বাবদ তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা অগ্রিম নেন। তিনি ৪২ জন শ্রমিক আনেন। কিছুদিনের মধ্যে শ্রমিকেরা পালাতে শুরু করে। এ কারণে অগ্রিম দেওয়া অর্থের ক্ষতি পুষিয়ে নিতে তিনি তাদের আটক রাখেন।এ ব্যাপারে কথা বলার জন্য লেমু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে জানান, তাঁরা শ্রমিকদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন।