রামুতে এক বছরে কাটা পড়ল ২০টি পাহাড়
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠা ছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বিচারে পাহাড় কাটা চলছে। গত এক বছরে ওই ইউনিয়নে কমপক্ষে ২০টি পাহাড় কেটে ফেলা হয়েছে। সাবাড় হওয়ার পথে আরও কয়েকটি পাহাড়।এলাকাবাসীর অভিযোগ, ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউনুচ ভুট্টোর নেতৃত্বে পাহাড় কাটা হচ্ছে। গত মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ও পুলিশ ঘটনার তদন্ত করতে গেলে ইউনুচ ও তাঁর লোকজন তদন্তদলের ওপর হামলা চালায়।পাহাড় কাটার ঘটনায় গত বুধবার পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সাইফুল আশরাফ রামু থানায় মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ইউনুচ ভুট্টোসহ চারজনকে আসামি করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের কালা খন্দকার পাড়া, খাইম্যারঘোনা, পূর্ব চাইল্যাতলী, পানেরছড়া, বারইয়াপাড়া, নাপিতপাড়া বনতলা এবং আশপাশের এলাকায় নির্বিচারে পাহাড় কাটা চলছে।পাহাড় কাটায় নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক শ্রমিক পাহাড় কাটার কাজ করছেন। এসব পাহাড়ের মাটির বেশির ভাগই কৃষিজমি ভরাটের জন্য নিয়ে যাওয়া হয়।দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী বলেন, ২০১১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন বিভাগ এবং খাস খতিয়ানভুক্ত কমপক্ষে ২০টি পাহাড় কেটে ফেলা হয়েছে। পাহাড় কাটায় জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।ওই ইউপির বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে ইউনুচ ভুট্টোসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে এখানে নির্বিচারে পাহাড় কাটা চলছে।গত রোববার দুপুরে কালা খোন্দকার পাড়ায় বন বিভাগের পাহাড় কাটার সময় একটি অংশ ধসে মাটি চাপা পড়ে মারা যান আবদুল মান্নান নামের এক শ্রমিক।মঙ্গলবার সকালে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল আশরাফ ও রামু থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, ওই ইউপির বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামসহ একটি দল পাহাড় কাটার ঘটনা তদন্তে যায়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা ইউনুচ ভুট্টোর নেতৃত্বে একদল লোক তদন্তকাজে বাধা দেন এবং ইউপি সদস্য ও চৌকিদারদের মারধর করেন। পরে পুলিশ কঠোর হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।তদন্তদল বাধার মুখে পড়েছিল বলে নিশ্চিত করেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল আশরাফ। তিনি প্রথম আলোকে বলেন, তদন্তে পাহাড় কাটার ঘটনার সত্যতা মিলেছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সাইফুল আশরাফ আরও বলেন, পাহাড় কাটার কারণে বৃষ্টির পানির সঙ্গে পাহাড়ের মাটি আশপাশের নদী-খালে গিয়ে পড়ে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে। বনাঞ্চল কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অত্যন্ত হুমকির মুখে পড়বে।যোগাযোগ করা হলে তদন্তদলের ওপর হামলা এবং পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউনুচ ভুট্টো। তিনি বলেন, তদন্তকালে ইউপি চেয়ারম্যান বিএনপির লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি প্রতিবাদ করেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে তাঁর একটু ‘বাড়াবাড়ি’ হয়।পাহাড় কাটার ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা তাপস স্যানাল বলেন, পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গত এক সপ্তাহে পাঁচটি মামলা করা হয়েছে।ওসি এ কে নজিবুল ইসলাম জানান, পুলিশ সেখানে একাধিকবার অভিযান চালিয়েছে। অভিযানের সময় পাহাড় কাটা বন্ধ থাকলেও পরে তারা আবার পাহাড় কাটা শুরু করে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক বলেন, ইউনুচ ভুট্টোর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিলেছে। উপজেলা পরিষদের মাসিক সভায় প্রতিবারই ভুট্টোর বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ ওঠে। ভুট্টোসহ জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ২৬ ফ্রেরুয়ারি প্রথম আলোতে ‘রামুতে সাবাড় হওয়ার পথে ১৫টি পাহাড়’ শিরোনামে খবর প্রকাশিত হয়।