রামুতে এক বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট
কক্সবাজারের রামু উপজেলার উত্তর ফতেখাঁরকুল গ্রামের একটি বাড়িতে গত সোমবার দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। পরিবারের দাবি, ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করেছে। গৃহকর্তা অরুণ বড়ুয়া জানান, তাঁর তিন ছেলের সবাই বিদেশে থাকেন। সমপ্রতি তাঁরা বাড়িতে আসেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১৫-২০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত বেড়া কেটে তাঁর বাড়িতে ঢোকে। এ সময় ডাকাতেরা ছুরি ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারির চাবি নেয়। তারা ৬৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তার স্ত্রী লুদু বড়ুয়া (৫০) আহত হন। স্থানীয় বৌদ্ধ বিহারের মাইকে ডাকাতির খবর প্রচার করা হলে এলাকাবাসী এগিয়ে আসে। কিন্তু এর আগেই ডাকাতেরা পালিয়ে যায়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিন খাঁন, উপপরিদর্শক (এসআই) মো. কবির ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।