রামুতে কল্পজাহাজ ভাসানোর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর পানিতে ভাসছে বাঁশ-বেত, কাঠ, কাপড় এবং রঙিন কাগজ দিয়ে তৈরি ছয়টি আকর্ষণীয় কল্পজাহাজ। নদীর দুই তীরে উপস্থিত হাজারো মানুষের দৃষ্টি সেদিকে। গতকাল সোমবার বিকেলে কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীর তীরের দৃশ্য এটি।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এ নদীতে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন জাহাজ ভাসানোর উৎসব পালন করে থাকেন।

গতকাল বেলা তিনটায় বাঁকখালী নদীর ফকিরাজার অংশে গিয়ে হাজারো মানুষের সমাগম দেখা যায়। হাইটুপি, মেরংলোয়া, হাজারীকুল, পূর্বরাজারকুল, শ্রিকুল গ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন নিয়ে আসেন ছয়টি কল্পজাহাজ। পরে কল্পজাহাজগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

বেলা সাড়ে তিনটায় উৎসবের উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসানো উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি পলক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান আলী, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ সুনন্দপ্রিয় থের, কক্সবাজার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল আলম, রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া প্রমুখ।

রামুর কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের বলেন, প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের মুরহনঘা নদীতে সংঘরাজ ম্রাজংব্রান প্রথম এই জাহাজ ভাসানোর উৎসবের আয়োজন করেন। সেখান থেকে রামুতে এ উৎসবের প্রচলন হয়। রামুর বাঁকখালী নদীতে এ উৎসব পালিত হচ্ছে শত বছর ধরে।

রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসানো উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি পলক বড়ুয়া বলেন, কল্পজাহাজ তৈরি ঘিরে রামুর ১৯টি বৌদ্ধপল্লিতে মাসব্যাপী আনন্দযজ্ঞে মেতে ছিল এ সম্প্রদায়ের শিশু-কিশোরেরা। জাহাজ ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটল।