রামুতে গভীর রাতে দুষ্কৃতকারীর গুলিতে বৃদ্ধা নিহত
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাছনাকাটা গ্রামে গত সোমবার গভীর রাতে দুষ্কৃতকারীর গুলিতে লায়লা বেগম (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। তিনি ওই গ্রামের কবির আহমদের স্ত্রী।
জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুষ্কৃতকারীরা গুলি করে লায়লা বেগমকে হত্যা করেছে বলে জানা গেছে। হত্যাকারীদের ধরার চেষ্টা চলছে।
নিহতের স্বামী কবির আহমেদ (৬৫) বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লায়লা বেগম সেহির খেতে ওঠেন। তিনি বাড়ির উঠানে নামলে ওত পেতে থাকা দুষ্কৃতকারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লায়লার মৃত্যু হয়।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহামঞ্চদ বলেন, লায়লা বেগম ডাকাতের গুলিতে নাকি প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই ঘটনায় একটি পক্ষ নিরীহ মানুষকে হত্যা মামলায় জড়ানোর চক্রান্ত করছে।
গতকাল সকালে ঘটনাস্থল ঘুরে এসে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. ফারুক বলেন, দুর্বৃত্তদের ধরার জন্য সেখানে পুলিশ অভিযান চালাচ্ছে। নিরীহ কাউকে মামলায় জড়ানো হবে না।:n: