রামুতে গরু চুরির হিড়িক খামারিদের মধ্যে আতঙ্ক
কক্সবাজারের রামুতে অল্প দিনের ব্যবধানে কয়েকটি গরু চুরি হওয়ায় খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কিছুদিন আগে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যানের দুটি গরুর পর এবার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পাঁচটি গরু চুরি হয়েছে।উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মইষকুম এলাকায় গত বুধবার সর্বশেষ ওই পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে। এর দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ারের খামার থেকে দুটি গরু চুরি হয়।কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, তাঁর খামারে ২৬টি গরু রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ান প্রজাতির পাঁচটি গরু বুধবার ভোরে চুরি হয়। চুরি হওয়া এই গরুগুলোর দাম প্রায় দুই লাখ টাকা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও এই গরুগুলোর সন্ধান মেলেনি।কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান নুরুল হক বলেন, সম্প্রতি তাঁর ইউনিয়নে কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকার বাইরের শক্তিশালী কোনো চক্র এসব চুরির ঘটনায় জড়িত থাকতে পারে।স্থানীয় খামারি মোজাফ্ফর আহমদ জানান, ডেইরি একটি সম্ভাবনাময় শিল্প হওয়ায় উপজেলার অনেক খামারিই এই শিল্পে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি গরু চুরি বেড়ে যাওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তিনি আরও জানান, গত কয়েক মাসে বিভিন্ন খামার থেকে অন্তত ২০টি গরু চুরি হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।