রামুতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে সাবেকুন নাহার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহমদের পাড়ার বাসিন্দা মোস্তাক আহমদের স্ত্রী। জেলা সদর হাসপাতালে গত বৃহস্পতিবার রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার সাবেকুন নাহারের বাবা ফরিদুল আলম রামু থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ওই গৃহবধূর ওপর প্রায়ই নির্যাতন করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গত বৃহস্পতিবার বেদম মারধর করে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। আঘাত সহ্য করতে না পেরে সাবেকুন নাহার পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় স্বামী মোস্তাক আহমদ ও শাশুড়ি দিলজাহান বেগম তাঁকে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে এসে আবারও নির্যাতন করেন। খবর পেয়ে ওই গৃহবধূর মামা তাঁকে উদ্ধার করে প্রথমে রামু হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।