রামুতে জনবিচ্ছিন্ন ব্যক্তিদের আ.লীগের প্রার্থী করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে জনবিচ্ছিন্ন ও বিত্তবান ব্যক্তিদের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করা হচ্ছে।
গতকাল বুধবার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। রামু উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশীরা এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও কাউয়ারকুপ ইউপির চেয়ারম্যান শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, যুবলীগের নেতা ও খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ, চাকমারকুল ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবছার কামাল সিকদার।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে জনবিচ্ছিন্ন ও বিত্তবান ব্যক্তিদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল ও সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল অর্থের বিনিময়ে এই মনোনয়ন বাণিজ্য চালাচ্ছেন। এতে বিএনপি-জামায়াতের সঙ্গে গোপন আঁতাত করা হচ্ছে। ফলে সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। মাঠ জরিপ এবং তৃণমুল নেতাদের পরামর্শক্রমে দলের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনের জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।’
খুনিয়াপালং ইউপির চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, টেকনাফ উপজেলার মতো রামুতেও বিতর্কিত লোকজনের হাতে দলের মনোনয়নপত্র তুলে দিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে দলের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১১ ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা দিচ্ছেন। তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনাও মানছেন না। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করা হয়েছে।
একাধিকবার চেষ্টা করেও অভিযোগ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনের দুটি নম্বর বন্ধ পাওয়া গেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি ইউনিয়নে দলের মনোনয়নপ্রত্যাশী আছেন ছয়-সাতজন করে। আমরা তৃণমূলের মতামত নিয়ে ১১ ইউনিয়নের একক প্রার্থী হিসেবে ১১ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছি। সে ক্ষেত্রে অর্থ আদায় বা বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাতের প্রশ্নই আসে না।’ তিনি আরও বলেন, ‘দলীয় প্রধান যাঁকে মনোনয়ন দেবেন, আমরা তাঁর পক্ষে কাজ করব। সংবাদ সম্মেলন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’