রামুতে জবাই করা হরিণসহ দুই ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় বন বিভাগের জোয়ারিয়ানালা বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে জবাই করা বন্য হরিণসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সকালে বন বিভাগ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক দুই ব্যক্তি হলেন কক্সবাজার সদর উপজেলার ঈদগাও মেহেরঘোনা চান্দেরঘোনা এলাকার আলী আকবর (৪০) ও আমিন (২৮)। এ ঘটনায় বিট কর্মকর্তা মো. হাবিবুল হক বাদী হয়ে আটক দুই ব্যক্তি ও পলাতক একজনের বিরুদ্ধে গতকাল বুধবার আদালতে মামলা করেছেন। মো. হাবিবুল হক জানান, মঙ্গলবার ভোরে তাঁরা অভিযানে গেলে শিকারিরা তাদের ওপর চড়াও হয়। তাঁরা কয়েকটি ফাঁকা গুলি করেন। অন্যরা পালালেও হরিণের মাংসসহ ওই দুই ব্যক্তি ধরা পড়ে। এ সময় হরিণ শিকারে ব্যবহার করা ১১৫ ফুট জালও জব্দ করা হয়।