রামুতে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতের গুলিতে মো. ফারুক (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তাঁর মৃত্যু হয়। তবে পুলিশ এ ঘটনাকে ডাকাতি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে।ফারুকের বাবা নূর আহম্মদ বলেন, উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান পাহাড়িয়াপাড়ার একটি মুদি দোকানে গত শনিবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত হামলা করে এবং দোকানের মালিক ফারুকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ সময় বাধা দিতে গিয়ে নুরুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হন এবং মো. জহির ও মো. কাশেম নামের দুই ব্যক্তিকে মারধর করা হয়। পরে ডাকাতেরা ওই দোকান থেকে নগদ ৫০-৬০ হাজার টাকা, পাঁচটি মুঠোফোন, রিচার্জ কার্ড, সিগারেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পুলিশ প্রায় এক ঘণ্টা পর রাস্তার পাশ থেকে মুমূর্ষু অবস্থায় মো. ফারুককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।তবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজিবুল ইসলাম বলেন, এটি ডাকাতি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরশাদ উল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।