রামুতে তামাক চাষ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় তামাক চাষ বন্ধের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা শাখা রোববার এসব কর্মসূচির আয়োজন করে। রামু উপজেলার চৌমুহনী স্টেশনের এক কিলোমিটার এলাকায় এ মানববন্ধন হয়। এতে রামু ডিগ্রি কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ও রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। এ সময় তামাক চাষ বন্ধ করার পাশাপাশি তামাক চাষের জন্য সার সরবরাহ বন্ধ করার দাবিও জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। একই সময় তামাক চাষবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুজনের রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক।সভায় সুজন কক্সবাজার জেলা সভাপতি আবদুল বারী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোক্তার আহমদ, হোসনে আরা বেগম প্রমুখ বক্তব্য দেন।