রামুতে তামাকচাষিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে তামাকচাষিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। খাসজমিতে গড়ে তোলা তামাকখেত ধ্বংস করে ফেরার পথে তামাকচাষিরা হামলার চেষ্টা চালালে এ সংঘর্ষ হয়। গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল আজিম চৌধুরী জানান, পূর্ব বোমাংখিল এলাকায় বাঁকখালী নদীর তীরে প্রায় ৫৫ শতক খাসজমিতে তামাকখেত গড়ে তোলেন জসিম উদ্দিন ও নাজিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গতকাল দুপুর একটার দিকে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (্এসআই) কামরুল ইসলামসহ একদল পুলিশ নিয়ে ওই খেত ধ্বংস করতে অভিযান চালান। ফেরার পথে তামাকচাষি জসিম, নাজিম উদ্দিন ও তাঁদের চাচাতো ভাই মইনুল হোসেনের নেতৃত্বে আত্মীয়স্বজনেরা তাঁদের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় আত্মরক্ষায় পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। তামাকচাষি জসিম উদ্দিন জানান, পারিবারিক সূত্রে পাওয়া খতিয়ানভুক্ত ওই স্থানে এক একর জমি ৩০ বছরের বেশি সময় ধরে তাঁরা ভোগদখল করছেন। ওই জমির ৫৫ শতক বিএস দাগে খাস হিসেবে রেকর্ডভুক্ত হয়। কৌশলে ওই জমি একসনা বন্দোবস্ত নেন স্থানীয় নেছার উদ্দিন। জমির দখল বুঝিয়ে দিতে নেছার উদ্দিনের পক্ষ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জসিম অভিযোগ করেন, অভিযানে বাধা দিতে গেলে পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর বোন মুর্শিদা খানম (২০) ও ভাই জয়নাল আবেদীন (২৭) গুরুতর আহত হন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক মোহাম্মদ মহসীন প্রথম আলোকে জানান, মুর্শিদা ও জয়নাল নামের দুজন ভর্তি হয়েছেন। তবে তাঁদের দেহে গুলির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া জানান, সরাসরি গুলি ছোড়ার বিষয়টি সত্য নয়। তামাকচাষিরা হামলার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে।