রামুতে ত্রাণ বিতরণে বৈষম্যে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ বিতরণে বৈষম্যের শিকার হচ্ছেন—এমন দাবি করে গত শুক্রবার বিকেলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের কয়েক শ হিন্দু নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ অনেকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়ার বৃদ্ধ দুলাল রুদ্র, রানী বালা, রূপসী ও রায় মোহন বলেন, গত জুন মাসের প্রথম সপ্তাহে প্রথম দফায় বন্যা দেখা দেয়। এ সময় প্রায় দুই হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষতিগ্রস্ত হন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল ও সম্পদ হারিয়ে অনেকে নিঃস্ব হয়েছেন। এরপর চলতি জুলাই মাসের প্রথম দিকে দ্বিতীয় দফা এবং বর্তমানে তৃতীয় দফার বন্যায় ওই হিন্দু পরিবারগুলো একেবারে সর্বস্বান্ত এবং মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ এ পর্যন্ত কোনো হিন্দু পরিবারে ত্রাণসামগ্রী বা নগদ টাকা বিতরণ করা হয়নি। এতে অনেকে অনাহারে দিন কাটাচ্ছেন। স্থানীয় হারাধন পাল, সুধীর চন্দ্র ও রাম মোহন বলেন, এই উপজেলার ১১টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে বিভিন্ন এনজিও সংস্থা, রেড ক্রিসেট সোসাইটি, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন।কর্মসূচিতে অংশ নেওয়া কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত দাশ বলেন, রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের দুই হাজার হিন্দু সমপ্রদায়ের নারী-পুরুষ এখনো কোনো ত্রাণসামগ্রী পাননি। সরেজমিনে অনুসন্ধান করে এর সত্যতা পাওয়া গেছে।রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ুব উল্লাহ চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এখানে বৈষম্যের সুযোগ নেই।