রামুতে দেড় হাজার গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পাহাড়ে গত সোমবার বন্দুকযুদ্ধ ও গণপিটুনিতে ১০ ডাকাত নিহত হওয়ার ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা দেড় হাজার গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে গোয়ালিয়াসহ আশপাশের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ও রামু থানা সূত্র জানায়, গণপিটুনিতে চার ডাকাত নিহত হওয়ার ঘটনায় রামু থানার পুলিশ হত্যা মামলা করেছে। মামলায় দেড় হাজার গ্রামবাসীকে আসামি করা হয়েছে। এ মামলার সঙ্গে অস্ত্র আইনের একটি মামলাও নথিভুক্ত করা হয়।গোয়ালিয়া পালং গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশের মামলার খবরে গতকাল এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, গোয়ালিয়া পালংবাসী ডাকাতদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশকে সহযোগিতা করেছে। উল্টো গ্রামবাসীর বিরুদ্ধেই হত্যা মামলা করল পুলিশ। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি গ্রামবাসীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আইন অনুযায়ী মামলাটি হয়েছে। তবে গ্রামবাসীকে অহেতুক হয়রানি করা হবে না। এ ছাড়া পুলিশের ওপর ডাকাতের হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় রামু থানায় আরও দুটি মামলা হয়েছে।ওসি আরও জানান, গতকাল পর্যন্ত পুলিশ হতাহত ডাকাতদের কয়েকজনের প্রাথমিক পরিচয় জানতে পেরেছে। নিহত ডাকাতদের মধ্যে রয়েছেন রামুর বাংলা বাজার গ্রামের ভাজা ডাকাত (২৫) ও আনোয়ারা উপজেলার মুন্না ডাকাত (৩২)।সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, ওই ঘটনায় জসিম নামের যে গ্রামবাসী নিহত হয়েছেন, তাঁর পরিবারকে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। গ্রামের লোকজনের বিরুদ্ধে করা মামলায় নিরীহ কাউকে হয়রানি করা হবে না। ডাকাত সন্দেহে আটক ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।