রামুতে নদীতে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই স্কুলছাত্রের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে নৌকাডুবিতে নিখোঁজ হয় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী গ্রামের আবদুর রহমান ও আসিফুর রহমান। তারা দক্ষিণ মিঠাছড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলঘর বাজারের পাশ থেকে ডুবুরিরা আবদুর রহমানের লাশ ও বেলা দুইটার দিকে আসিফুর রহমানের লাশ উদ্ধার করেন। বিকেলে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নিকারুজ্জামান জানান, দুই স্কুলছাত্রকে উদ্ধারে রবি লাইফ গার্ড, ইয়াছির লাইফ গার্ড, জেলা প্রশাসনের লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যৌথ তৎপরতা চালান। পরে চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবরি দলের দুই সদস্য লাশ দুটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুর রহমান ও আসিফুর রহমান বন্ধু ছিল।
গত শুক্রবার দশম শ্রেণির ১২ জন শিক্ষার্থী উমখালী গ্রাম থেকে নৌকায় নদী অতিক্রম করে কলঘর বাজারে কোরবানির পশুর হাট দেখতে যায়। বিকেলে বাড়ি ফেরার সময় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয় লোকজন ১০ শিক্ষার্থীসহ ১৪ জনকে উদ্ধার করলেও আবদুর রহমান ও আসিফুর রহমানকে পাওয়া যায়নি।