রামুতে নাচগানের অনুষ্ঠান নিয়ে সংঘর্ষ, আহত ১৫
কক্সবাজারের রামু উপজেলার ঘোনারপাড়ায় কান ফোঁড়ানো অনুষ্ঠানে নাচগান করা নিয়ে গত শুক্রবার বিকেলে আয়োজক পরিবারের লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।আহত গ্রামবাসী বেদার মিয়া ও আবদুল মালেক বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়ায় গোল হোসেন মিস্ত্রির বাড়ির উঠানে তাঁর নাতনির কান ফোঁড়ানো অনুষ্ঠান হয়। সেখানে দুই তরুণীকে দিয়ে অশ্লীল নাচগান করানো হচ্ছিল। এই খবর পেয়ে কয়েকজন গ্রামবাসী বাধা দিতে গেলে গোল হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এর জের ধরে পরদিন শুক্রবার বিকেল পাঁচটার দিকে গোল হোসেনের জামাতা আফছার কামালের ১৫-২০ জন স্বজন মোটরসাইকেলে করে উপজেলার ফতেখাঁরকুল মণ্ডলপাড়া থেকে ঘোনারপাড়ায় যায়। তখন গ্রামবাসীর সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৫ জন আহত হয়।খবর পেয়ে রামু থানার পুলিশ ও রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করেন। আফছার কামাল বলেন, মেয়ের কান ফোঁড়ানো উপলক্ষে পরিবারের সবাই মিলে বৃহস্পতিবার রাতে আনন্দ-উল্লাস করছিল। সেখানে কোনো অশ্লীল নাচগান হয়নি। বাইরে থেকে কোনো মেয়েকেও আনা হয়নি। আফছারের আত্মীয় আহত আবদুর রহিম, সাইফুল ইসলাম ও মো. এনাম বলেন, বৃহস্পতিবার রাতের সৃষ্ট ঘটনা সমাধানে পরদিন তাঁরা ওই এলাকায় যান। ওই সময় এলাকার কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁদের একটি মোটরসাইকেলও ছিনিয়ে নেয়। রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোস্তফা কামাল বলেন, সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।