রামুতে নাচগানের আসরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
কক্সবাজারের রামু উপজেলার ধোয়া পালং নয়াপাড়া এলাকায় গত বুধবার রাতে নাচগানের আসরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার নয়াপাড়ার মীর কাশেম নামের এক ব্যক্তির মেয়ের নাক ছেদন অনুষ্ঠান হয়। রাতে তাঁদের বাড়ির পাশের মাঠে আঞ্চলিক টউসা নাচের আসর বসানো হয়। এ জন্য টিকিটও বিক্রি করা হয়।সূত্র জানায়, এই আসর বন্ধের দাবিতে স্থানীয় মাওলানা খালেদ হোছাইন, নুরুল হুদা, কেফায়েত উল্লাহ ও আবদুল্লাহ ওই দিনই রামু থানায় লিখিত আবেদন করেন। তাঁদের দাবি, এ ধরনের আসরে ‘অশ্লীল নাচগান’ হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে ওই আসর বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ ফিরে যাওয়ার পর রাত ১২টার দিকে আবারও অনুষ্ঠান শুরু করা হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, তখন তিন শতাধিক দর্শক ওই আসর উপভোগ করছিল। পরে পুলিশের চার সদস্য আবারও ওই আসর বন্ধে অভিযান চালান। এ সময় এই আসরের বিরোধীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশের পক্ষে অবস্থান নেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আয়োজক ও দর্শকদের একটি অংশ পুলিশকে অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশকে মারধর করা হয়।রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিপন মজুমদার প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তিনি ওই আসর বন্ধ করে দেন। কিন্তু দ্বিতীয়বার সেখানে গেলে বেশ কিছু উচ্ছৃঙ্খল জনতা নাচগানের পক্ষে অবস্থান নেয়। তারা পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করে। পরে তিনি উচ্ছৃঙ্খল জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।অশ্লীল নাচগান আয়োজনের অভিযোগ অস্বীকার করে মীর কাশেম বলেন, তাঁর মেয়ের নাক ছেদন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম বলেন, এ ধরনের অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পুলিশের ওপর হামলার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।