রামুতে নৌকাডুবি, ২ শিক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে গতকাল শুক্রবার বিকেলে নৌকাডুবির ঘটনায় দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী আবদুর রহমান ও আসিফুর রহমান রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আবদুর রহমানের বাড়ি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী গ্রামে। আর আসিফুর রহমানের বাড়ি একই ইউনিয়নের ঘাটপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে বাঁকখালী নদী পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন যাত্রী ছিল। স্থানীয় লোকজন নদী থেকে ১০ শিক্ষার্থীসহ ১৪ জনকে উদ্ধার করলেও আবদুর রহমান ও আসিফুর রহমানকে পাওয়া যায়নি। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দুজনের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত নয়টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

নৌকাডুবির ঘটনায় উদ্ধার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জিশান উদ্দিন বলল, তারা একই শ্রেণির ১২ জন উমখালী গ্রাম থেকে নৌকায় নদী অতিক্রম করে কলঘরবাজারের কোরবানির পশুর হাটে গিয়েছিল। বিকেলে তারা বাড়ি ফেরার জন্য নৌকায় ওঠে। এ সময় আরও চার ব্যক্তি জোর করে তাদের নৌকায় উঠে পড়ে। এরপর নৌকাটি মাঝপথে ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে গেছে।

জিশান উদ্দিন বলল, তারা সবাই সাঁতারে কূলে ওঠে। তবে আবদুর রহমান ও আসিফুর সাঁতার না জানায় তারা কূলে আসতে পারেনি।

ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, দুর্ঘটনাস্থলে নদীর গভীরতা বেশি। তাদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।