রামুতে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। গতকাল রোববার পাহাড় কাটার কয়েকটি স্থান পরিদর্শন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেন।গত শনিবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘রামুতে সাবাড় হওয়ার পথে ১৫টি পাহাড়’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এ সংবাদের জের ধরে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহাম্মদ পাহাড় কাটার বিষয়টি দেখার জন্য রামুর ইউএনওকে নিদের্শ দেন। গতকাল রোববার ইউএনও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া, বারইয়্যাপাড়া, খাইম্যারঘোনা, চাইল্যাতলী এলাকায় পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পান। দুপুরে ইউএনও ওই এলাকায় গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক পাহাড় কাটার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান (মুজিব মেম্বার), ফকির আলমগীর ও চৌকিদার কাদির হোছেনসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে। তিনি বলেন, এখানে পাহাড় কাটার ঘটনা এতই ভয়াবহ যে খুব অল্প সময়ে মারাত্মক পরিবেশের বিপর্যয় ঘটবে।