রামুতে পিকনিকের বাস উল্টে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে একটি পিকনিকের বাস উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। আজ সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলো সাইমুম (১৬), এরশাদ (১৭) ও জাবেদ (১৬)। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বালুচর এলাকায়।

আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জন শিক্ষার্থী নিয়ে বাসটি চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজারে পিকনিকে আসছিল। সকাল আটটার দিকে বাসটি রামু উপজেলা হাসপাতালসংলগ্ন পুরোনো বাইপাস মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে রামু, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।